........

সোমবার, ৩ আগস্ট, ২০০৯

একটি আনমনা লেখা ...

আমি একা, একক, পথ হাটতে হাটতে নিজেকে একটা পালকহীন পাখি বলে মনে হয়, ঘরে ফেরার ডাক একই রকম, কিন্তু আমার তো ঠোঁট নেই, ছানাও নেই, ঘরে কেন ফিরি আমি? সবাই বলে পথ হাঁটি আমরা, লম্বা পথ, জীবনের। সত্যি হেঁটে দেখেছি কখনো?

আজ আমি হাঁটব, সারারাত খালি পায়ে একা একা, নিজেকে খোঁজার চেষ্টায় গাছের ছায়াকে মানুষ বলে ভুল করব।

আমার অপেক্ষার বয়স ভাষার মতই প্রাচীন । ইস যদি আলাদিন হতাম?

আঁচলের ছাউনি পাইনি কোনদিনও, পাইনি ঘামে ভেজা জামা থেকে সিগারেট চুরি করার সাহস, সাহস করতে গিয়ে দেখি ঘামের চেনা গন্ধটা আর নেই। আমার আর মনে পড়েনা ওদের কথা, অনিশ্চিত অভ্যেস হয়ে গেছে । আমি কি প্রতিদিন ভুল করি ?

মৃত্যুর পর জন্মশতবার্ষিকী পালন করবে না কেউ, অথচ জন্মের পর থেকে কি ভীষন মৃত্যুযাপন। তবে আজ নয়, আজ আমি হাঁটব, সারা রাত খালি পায়ে একা একা, ভীড়ের ভেতর আমার মতিভ্রম ঘটবে, জ্যোৎস্নার আলোয় বিছানা পাতা হবে, আমি শোব ...

এই অদ্ভুত চরিত্র নিয়ে আমার কখনই জন্মান্তর ঘটবে না, ঘটা সম্ভবও নয় , কারন প্রতি রাতে আমার প্রেমিকা আমার মৃত ভ্রুন প্রসব করে, আমি ও আমার আমরা ভগবানকে বলি তুমি বড় অন্ধকার ।

তবে আজ আঁধারটা বড্ড ভালো, বড় গভীর, খুব কাছের......

ফুটপাতটাই ওদের বাড়ি, কত ভালো বিছানায় শোয় ওরা, কত শক্ত, সিমেন্টের মত, কিন্তু আমার বিছানাটা বড় বেশি নরম, আজ আমার একটু শক্ত জিনিস পছন্দ, তাই আজ আমি হাঁটব, সারা রাত খালি পায়ে একা একা, নিজ়ের দাঁত উপড়ে বড়শি তৈরি করব ......

অন্ধকারটা গাঢ় হচ্ছে ক্রমশ, তোমার ঠোঁটের কথা মনে পড়ছে আর ইথারীয় চাউনির কথা, আর কোন কিছুই স্পষ্ট নয়। অনাবৃত বুক নিয়ে হেঁটে চলছে যুবতীরা আমার আশায়, কিন্তু আমি তো নিস্কাম, নিষ্পাপ, আমি কিছুতেই ওদের বোঝাতে পারিনা আমি নিথর......

(একজন লোক একটা পানের দোকানের সামনে দাঁড়িয়ে জ্বলন্ত দড়ি থেকে সিগারেট জালাচ্ছে)

এই দৃশ্যটা আমার বড় চেনা, কেন বুঝতে পারছিনা, ওই লোকাটার মতই ছিলাম বোধহয় কখনও, নইলে এত চেনা লাগছে কেন? ওই লোকটা কোথায় যাচ্ছে? বাসায়? কি জানি? হয়ত......

ওরা লাইন দিয়ে হাঁটছে কেন? ওরা কি পিঁপড়ে ? আন্দাজ করতে পারছি বোধহয় । ওদের ঘর আছে, বিছানা আছে, ওরা রাতে একা শোয়না, ওরা কি পাগল? ধুস্‌ লোকে তো আমায় পাগল বলে ।

অচেনা কে ভয় কি আমার ওরে

একটা অচেনা লোক কারো সঙ্গে কথা বলে ? একটু আগে একটা লোক এসে বলল... ঘরে ফিরতে হবে, বলল... নিওনের খাঁচায় বন্দি হচ্ছে শহর, ঘরে ফিরবে না ? লোকটা আমার বাবার মত দেখতে কেন? বলল ঘরের রাস্তা ওর চেনা ...

কিছুক্ষন পর লোকটা আবার এসেছিলো । বলল ইতস্তত কেন ঘুরছিস, সবার সঙ্গে চল, আলাদা হলেই মুশকিল, বাসে ওঠ ঘরে যা। চলে গেল, আমি নিশ্চিত লোকটা পাগল, লোকে আমায় পাগল বলে ...

আমার কোন প্রতিপক্ষ নেই, অথচ কোথাও তুমি আছো, তোমার রঙ আছে, গন্ধ আছে, স্বাদ আছে......

তবে ভীষন অন্ধকার .........

X

২টি মন্তব্য:

  1. tumi chokh bondho kore, onubhob ke hatiyar kore aaro koyek pa hente gele jekhane andhokar aaro gaaro.. Tomar kono kobita mone elo na, dukhkho o holo na, aanondo o holo na..kemon ek purnota elo.. Hotat i nijer modhyer aami ta ke khuje pele... Kato sato bochorer por sei prothom nijeke paoya...

    উত্তরমুছুন

Click Here